মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ - ১১:২২
ইঞ্জিলের প্রকৃত অনুসরণ মানে ঔদ্ধত্যপূর্ণ শক্তির ভ্রান্ত ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো

ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ লেওন চতুর্দশের সাম্প্রতিক অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম ও হাওজায়ে ইলমিয়ার উচ্চ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহসেন আরাকি। চিঠিতে তিনি বলেন, “যখন আপনি ‘একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস’ এবং ‘অন্য দেশের বিরুদ্ধে আগ্রাসন’-এর হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করলেন, তখন আপনি কেবল রাজনৈতিক মন্তব্য করেননি; বরং মানবতার নৈতিক বিবেকের কণ্ঠস্বর উচ্চারণ করেছেন।”

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে প্রকাশিত চিঠিতে মোহসেন আরাকি লিখেছেন:

بسمه تعالی

মহামান্য পোপ লেওন চতুর্দশ 
সর্বোচ্চ নেতা, ক্যাথলিক চার্চ

গভীর শ্রদ্ধার সঙ্গে আপনাকে এই পত্র লিখছি এমন এক সময়ে, যখন শান্তি ও ন্যায়বিচারের পক্ষে আপনার দৃঢ় কণ্ঠস্বর যুদ্ধপ্রিয় ও ক্ষমতালোভী শক্তিগুলোর অন্ধকারে এক উজ্জ্বল আলোকবর্তিকার মতো উদ্ভাসিত হচ্ছে।

আজকের বিশ্বে, যেখানে সংলাপের পরিবর্তে শক্তির ভাষা প্রাধান্য পাচ্ছে এবং সভ্যতা ধ্বংসের হুমকি রাজনৈতিক বাস্তবতার অংশে পরিণত হয়েছে, সেখানে আপনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। যুদ্ধের শিকার অসংখ্য নিরপরাধ মানুষ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং বোমাবর্ষণে সন্তানহারা মায়েদের পক্ষে আপনি স্পষ্ট ও মানবিক অবস্থান নিয়েছেন।

যখন আপনি ‘একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস’ এবং ‘অন্য দেশের বিরুদ্ধে আগ্রাসন’-এর হুমকিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে ঘোষণা করেন, তখন তা নিছক রাজনৈতিক মন্তব্য ছিল না; বরং মানবতার নৈতিক দায়বদ্ধতার এক সুস্পষ্ট ঘোষণা। আপনার বক্তব্য প্রমাণ করেছে যে ইনজিলের প্রকৃত অনুসরণ মানে সেই ঔদ্ধত্যপূর্ণ শক্তির ভ্রান্ত ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো, যা যুদ্ধ ও অস্থিরতার উৎস।

যিশু খ্রিষ্টের রূপে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভুয়া ছবি প্রচার করা সব ঐশী ধর্মের পবিত্রতার প্রতি গুরুতর অবমাননা এবং সারা বিশ্বের কোটি কোটি খ্রিষ্টান ও মুসলমানের বিশ্বাসের ওপর আঘাত। আপনি যথার্থভাবেই সতর্ক করেছেন যে “ইনজিলের বার্তাকে অপব্যবহার করা উচিত নয়।” এই ঘটনা দেখায়, কিছু ক্ষমতাধর ব্যক্তি আত্মপ্রচার ও জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে কতদূর পর্যন্ত সত্য বিকৃতি ও পবিত্রতার অবমাননায় যেতে পারে। কিন্তু সত্য কখনোই মিথ্যা ও অবমাননার আড়ালে চাপা পড়ে না।

মহামান্য, আপনি প্রমাণ করেছেন যে চার্চের নেতৃত্ব কখনো জুলুমের সামনে মাথা নত করে না এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য নীরব থাকে না। ব্যক্তিগত অপমান ও হুমকি আপনার মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে না; বরং আপনার নৈতিক দৃঢ়তাকেই আরও উজ্জ্বল করে তোলে। ইতিহাস স্মরণে রাখবে শান্তির পক্ষের মানুষদের—তাদের নয়, যারা পবিত্রতার প্রতি অবমাননা ও সভ্যতার প্রতি হুমকি দিয়ে কেবল কলঙ্কই রেখে যায়।

একজন ধর্মীয় নেতাকে অপমান করা প্রকৃতপক্ষে সেই সব কোটি মানুষের প্রতি অবমাননা, যারা শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখে। কেউ যদি মনে করে তীব্র ভাষা ও অপমানের মাধ্যমে বিবেকের কণ্ঠস্বরকে স্তব্ধ করা যায়, তবে তা ভ্রান্ত ধারণা। এ ধরনের আচরণ শেষ পর্যন্ত অপমানকারীর নৈতিক অবক্ষয় ও সংকীর্ণতাকেই প্রকাশ করে।

পরিশেষে, আপনার এই মূল্যবান অবস্থানের প্রতি আবারও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এবং সর্বশক্তিমান ঈশ্বরের নিকট বিশ্বব্যাপী ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করি।

মোহসেন আরাকি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha